রাজশাহীতে দুই গণমাধ্যম কর্মীর উপর হামলা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৯:৩৬
রাজশাহীর মোহনপুর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি একটি টিভি চ্যানেলের দুই গণমাধ্যম কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে জেলা সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতারা বিবৃতি দিয়েছে।
 
জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মৌগাছী বাজারের সামনে যমুনা টিভি চ্যানেলের জেলা অফিসের স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন ও ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাশেল পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। আহত সোহরাব ও রাশেলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
জেলা সাংবাদিক ইউনিয়নের বিবৃতিতে সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।