‘লালনশাহ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে’

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৯:৫৩
লাগাতার প্রতিবাদ কর্মসূচির মুখে নগরীর পদ্মার ধারে নির্মিত ‘লালনশাহ পার্ক’ ইজারা প্রদানের কার্যক্রম থেকে সরে এসেছে (রাসিক) রাজশাহী সিটি কর্পোরেশন।
 
রবিবার বিকেলে রাসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লালন শাহ পার্ক লিজ দেয়া হবে না। এটি জন সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।’
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাসিক মহানগরীর ৯নং ওয়ার্ডের পাঠানপাড়া ঘেঁষা পদ্মার পাড়ে ‘লালনশাহ পার্ক’ নির্মাণ করেছে। কিন্তু এর কোন বেষ্টনী না থাকায় পার্কের অভ্যন্তরে অবাদে গবাদি পশু চরানো হচ্ছে এবং গোয়ালঘর নির্মাণ করে গরু লালন-পালন করা হচ্ছে। অবকাঠামো নির্মাণের জন্য রাখা ইট, পাথর, টাইলস, বৈদ্যুতিক বাল্বসহ বিভিন্ন সামগ্রী চুরি হচ্ছে। এমনকি ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। তাই পার্কের নিরাপত্তা বিধান, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের জন্য রাসিক কর্তৃপক্ষ এর নিরাপত্তা বেষ্টনী নির্মাণ কাজ শুরু করেছে।