জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাঙালিদের এখন মাথা উঁচু করে দাঁড়ানোর সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাজাগরণ সৃষ্টি হয়েছে। আগামীতে লন্ডন থেকে বেশি সুযোগ এই দেশেই হবে। শিক্ষাসহ এলাকার কল্যাণমূলক কাজে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
শুক্রবার জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উপজেলার ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্তসহ সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৫ লক্ষাধিক টাকার ১৯তম মেধাবৃত্তি বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টির প্রতি অভিনন্দন জানান তিনি।
জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি হাসনাত আহমদ চুনুর পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ট্রাস্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক পাভেল কাদের চৌধুরীর সম্পাদনায় ট্রাস্টের স্মারক প্রত্যাশার মোড়ক উন্মোচন ও পরে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেন মন্ত্রী এম এ মান্নান।
