কুমিল্লায় বিদ্যুৎ অফিস থেকে কর্মচারীর লাশ উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ২১:১২
কুমিল্লায় বিদ্যুতের সাব স্টেশন অফিস থেকে রমিজ উদ্দিন নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রমিজ উদ্দিন (৫০) জেলার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।
 
রবিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ জানান, রমিজ উদ্দিন ওই অফিসে ১৯৮৫ সাল থেকে সুইচ বোর্ড অ্যাটেন্ডার পদে কর্মরত ছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
 
বিদ্যুৎ বিভাগ কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে দাস গুপ্ত জানান, এ ঘটনায় উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
 
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সামছুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।