নারী-পুরুষের বৈষম্য দূর করার দাবি

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৫

বরিশাল অফিস

নারী-পুরুষের বৈষম্য দূর করার দাবিতে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা কৃষাণী সভার সভাপতি রেহানা আক্তার মিতুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক ফেডারেশনের সভাপতি হারুন ভাণ্ডারী। বক্তব্য রাখেন কৃষক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম মুহুরী, জেলা কৃষাণী সভার সাধারণ সম্পাদক রেনু বেগম, ইউসুব আকন প্রমুখ।

নবগ্রাম খাল পরিষ্কার

নগরীর কাজীপাড়া খাল পাড় সড়কসংলগ্ন নবগ্রাম খালটি ব্যক্তি উদ্যোগে পরিষ্কার ও দখলমুক্ত করার অভিযানে নেমেছেন বিসিসি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান ছাবিত। শুক্র ও শনিবার তিনি ব্যক্তিগত উদ্যোগে উপস্থিত থেকে কাজ পরিচালনা করেন।

দীর্ঘদিন যাবত নবগ্রাম খালের চৌমাথা বাজার ও আলেকান্দা কাজীপাড়ার এ অংশটি অপরিচ্ছন্ন থাকায় খালের পাড়ের বাসিন্দাদের ময়লা পানির দুর্গন্ধসহ নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে চৌমাথা বাজার থেকে দরগাহবাড়ি পোল পর্যন্ত নিজ উদ্যোগে নবগ্রাম খালটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর।

ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান ছাবিত জানান, খালটি সংস্কারে খুব শিঘ্রই দরপত্র আহ্বান করা হবে। তারপরেও জনদুর্ভোগ লাঘবে নগর পিতা সাদিক আব্দুল্লাহর অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে খালটি পরিষ্কার ও দখলমুক্ত করার অভিযান কার্যক্রম চলছে।