খুলনা নগরীতে শেফালী রাণী বণিক (৫০) নামে বিধবা এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সাবেক খাদ্য কর্মকর্তা মৃত গোবিন্দ লাল বণিকের স্ত্রী।
রবিবার রাতে নগরীর নিউমার্কেট টেক্সটাইল মিল এলাকার এক বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ওই বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত আটটার দিকে চার যুবক ডাকাতির উদ্দেশে নগরীর বয়রা মেইন রোডস্থ নিউমার্কেট এলাকার টেক্সটাইল মিল মসজিদ সংলগ্ন শিক্ষা সিঁড়ি কোচিং সেন্টার গলির চার তলা ভবনের হালিমের বাড়ির ভাড়াটিয়া নারায়ণদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তার মা শেফালী রাণী বাড়িতে একা রান্না ঘরে ছিলেন। তিনি ডাকাতদের দেখে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে ডাকাতদল তাকে রান্না ঘরেই কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের খবরে নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ ও স্বজনরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে রান্না ঘরে শেফালী রাণী বণিকের রক্তাক্ত লাশ দেখতে পান।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক নগরীর শিববাড়ী ইবরাহিম মিয়া রোড এলাকার বাসিন্দা স্বজল বণিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আরো তিনজন জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
