খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা
শুক্রবার রাত ৩টার দিকে খুলনায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের নারায়ণ রাহার দোতলা বাড়ির গ্রিল কেটে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে গৃহকর্তা নারায়ণ রাহা গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় জনতা ও পুলিশের প্রচেষ্টায় তিন ডাকাতকে আটক করা হয়েছে।
আহত গৃহকর্তা নারায়ণ জানান, পাঁচ থেকে ছয়জনের একদল ডাকাত দোতলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে দুই বছরের শিশুর গলায় অস্ত্র ধরে আলমিরার চাবি নিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে চলে যাওয়ার সময় তাকে পিটিয়ে আহত করে।
ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে।
