যশোরে পুলিশের রাইফেলের বাটের আঘাতে আবু দাউদ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী রক্তাক্ত জখম হয়েছেন। আবু দাউদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার লুৎফর রহমান মুন্সির ছেলে ও মোটরপার্টস ব্যবসায়ী।
রবিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের শংকরপুর মুরগি খামার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলকারী ওই পুলিশ সদস্যের নাম জানা যায়নি।
চিকিৎসাধীন আবু দাউদ জানান, দোকানের কর্মচারী রাজু আহমেদকে সঙ্গে নিয়ে তিনি মোটরসাইকেলে করে যশোর শহরে আসেন। ব্যবসায়িক কাজ শেষে রবিবার বিকেলে তারা বাড়ি ফিরছিলেন। পথে জেলা শহরের শংকরপুর মুরগি ফার্ম এলাকায় পুলিশ তাদের থামার সঙ্কেত দেয়। সঙ্কেত পেয়ে চালক মোটরসাইকেলের গতি কমিয়ে আনেন। কিন্তু পালিয়ে যাচ্ছে ধারণা করে এক পুলিশ সদস্য পিছন দিক থেকে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে রাইফেলের বাট দিয়ে আঘাত করে। এতে পিছনে বসা আবু দাউদ মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন। এ সময় দুইজনই মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান। আহত অবস্থায় আবু দাউদকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা জড়ো হয়ে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ঘিরে ধরে। এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনার দায় কার এমন প্রশ্নের উত্তরে কোতোয়ালি থানার এএসআই লিটন বলেন, ‘যেহেতু আমার নেতৃত্বে অভিযান চলছিল দায়ভার আমার।’
