বাস চাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১০:৪৫
মুন্সীগঞ্জে বাস চাপায় জেএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-মাওয়া মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
 
পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় রামেরখোলায় সোমবার সকাল সোয়া ৯টায় বাস চাপায় জেএসসি পরীক্ষার্থী রিফাত আহম্মেদ (১২) নিহত হয়েছে। তাকে বহনকারী রিকশা চালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ৫/৭টি যান ভাংচুর করেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে যানটের। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাত রিকশায় করে বাড়ি থেকে কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে পেছন থেকে বাসটি চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রিফাত প্রাণ হারায়। ঘাতক স্বাধীন পরিবহনের মাওয়াগামী বাসটি পালিয়ে গেছে। রিফাত রাজানগেরর তেঘুরয়া গ্রামে রিপন আহম্মেদ পুত্র। সে রাজানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। 
 
সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, পুুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কটি সচল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
 
এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে ১০টায় মহাসড়কটি বন্ধ ছিল। এতে অন্যান জেএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে সমস্যায় পড়তে হয়।