টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১২:১০
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মিরজান বেগম (৬০) নামের এক নারী হকার মারা গেছেন। সোমবার সকাল ১০টায় কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মিরজান নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার দিঘলদী গ্রামের মমতাজ হোসেনের স্ত্রী।
 
এলাকাবাসী জানায়, নিহত মিরজান বেগম ওই এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অনাবিল পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বাসের চালক দ্রুত পালিয়ে যান। 
 
টঙ্গী থানা পুলিশের এস আই শাহীন শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।