পাবনার দোগাছীতে এক শিশুকে (১০ মাস) গলাটিপে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বাঁশবাজার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের জালালের স্ত্রী পলি থাতুন তার শিশু জুবায়েরকে শ্বাসরোধ করে হত্যা করে লেপের মধ্যে লুকিয়ে রাখেন। পরে তিনি নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। বেলা ৯টার দিকে স্বামী জালাল বাড়িতে খাওয়ার জন্য গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে স্ত্রীর আত্মহত্যা এবং শিশুকে হত্যার দৃশ্য দেখেন। স্থানীয়রা থানায় খবর দিলে ওসি তদন্ত আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল আহসান ও দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
