গৃহবধূকে হত্যায় স্বামী গ্রেফতার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৫:০৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রবিবার দিবাগত রাতে পরকীয়ার জের ধরে চার সন্তানের জননীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী বাবুল মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। 
 
জানা যায়, প্রায় ১৪ বছর আগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত মাহমুদ মিয়ার মেয়ে শাহেনা আক্তার (৩০) এর বিয়ে হয় বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের হরমুজ আলীর ছেলে বাবুল মিয়ার। কয়েক বছর ধরে বাবুল মিয়া পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। এসব ঘটনাকে কেন্দ্র করে বাবুল মিয়া তার স্ত্রী প্রায়ই মারধোর করতো। রবিবার রাতে কলহের জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
নিহতের ভগ্নিপতি হারুন মিয়া জানান, বাবুল দীর্ঘ দিন ধরে পরকীয়া প্রেমে জড়িত। বাধা দেয়ায় তার স্ত্রীকে প্রায়ই মারধোর করত। রবিবার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করেছে। 
 
ইসলামপুর ফাঁড়ি শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।