কুমিল্লায় জাঙ্গালীয়া কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের পাশে বি কে অটো পার্টসের দোকান ও সিএনজি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বি কে অটো পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বি কে অটো পার্টসের দোকান ও ৭টি অটোরিকশা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত গ্যারেজের মালিক আবদুল খালেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ৭টি সিএনজি চালিত অটোরিকশা ও পার্টসের দোকান পুড়ে যায়। এতে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
