ঝালকাঠিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ম্যাগজিন, কার্তুজ ও রাইফেলের বিভিন্ন যন্ত্রাংশসহ শফিকুর রহমান বাবলু (৪৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১১ টায় তাকে আটক করা হয়। শফিকুর রহমান বাবলু নলছিটির ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব গ্রামের আব্দুল ওহাব মাষ্টারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসব উদ্ধার করে।
ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, শফিকের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফটোষ্ট্যাট দোকানে লুকিয়ে রাখা অবস্থায় থ্রি নট থ্রি রাইফেলের ১টি ম্যাগজিন ও বোল্ট, ১টি পাইপ গানের বোল্ট অ্যান্ড বোল্ট কেরিয়ার এবং শট গানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে শফিকুরকে আটক করা হয়।
এ ঘটনায় নলছিটি থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
