‘আইএসের কথা বলে সুদূর প্রসারী ষড়যন্ত্র করা হচ্ছে’

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৭:২৭
 
 
র‌্যাপিড অ্যাকশান ব্যাট্যালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘‘বাংলাদেশে ইসলামিক স্টেটস বা আইএস নামে কোনো জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব নেই। আইএসে কথা বলে একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র করা হচ্ছে। এখানকার আইএস মূলত ‘মেড ইন টঙ্গী অ্যান্ড যাত্রাবাড়ী’।’’
 
সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
র‌্যাব মহাপরিচালক বলেন, ‘লন্ডন ও ভারত থেকে আইএসের দুটো দল বাংলাদেশে এসেছিলো, তাদের গ্রেফতার করা হয়েছে।’
 
বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের সাথে আইএস জড়িত নয় মন্তব্য করে তিনি বলেন, ‘আইএস যদি তাদের হত্যা করতো, তাহলে তাদের ওয়েব পেইজ থেকে তারা দায় স্বীকার করতো। কিন্তু দায় স্বীকার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুসন্ধানে জানা গেছে, এ সোশ্যাল মিডিয়ার একটি গাজীপুরের টঙ্গী এবং অপরটি ঢাকার যাত্রবাড়ীর। ফলে আইএসের যে দায় স্বীকারের কথা বলা হচ্ছে তা  ‘মেইড ইন টঙ্গী অ্যান্ড যাত্রাবাড়ী।’’
 
প্রেস ব্রিফিং-এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম মনির উজ জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা জেলা প্রশাসক মো.মোস্তফা কামাল, র‌্যাব-৬ খুলনার কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ।