নীলফামারী প্রতিনিধি
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় আজ রবিবার নীলফামারীর ৬টি উপজেলায় ভোটগ্রহণ। তবে উচ্চ আদালতের নির্দেশে আপাতত ভোট হচ্ছে না দুই উপজেলা যথাক্রমে নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট দুই উপজেলায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে মাইকযোগে প্রচার চালিয়ে সাধারণ ভোটারদের অবগত করা হয়েছে।
এদিকে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত থাকলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে। এ ছাড়া জেলার ডোমার, ডিমলা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা নিয়ে কোনো আইনি জটিলতা না থাকায় সেখানে সকল পদে ভোটগ্রহণ চলবে।
নীলফামারী সদরের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম জানান, নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিক হোসেন নয়নের মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পান। অপরদিকে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শাহিদ মাহমুদ উচ্চ আদালতে সাদিক হোসেন নয়নের প্রার্থিতার বিষয়ে লিভ টু আপিল করায় ১ এপ্রিল পর্যন্ত স্থগিত করেন আদালত।
জলঢাকা উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, আইনি জটিলতার কারণে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান। অপরদিকে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী মিন্টু আদালতে লিভ টু আপিল করায় আগামী ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত।
