এমপি লিটনের জামিনে হতাশ নয় সৌরভের পরিবার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৯:৩১
 
সংসদ চলাকালীন সময়ের জন্য জামিনে মুক্তি পেয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। তবে সে কারণে মোটেও আশাহত নয় শাহাদাত হোসেন সৌরভের পরিবার।
 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ দিন চিকিৎসার পর গত ২৬ অক্টোবর সৌরভকে নিয়ে বাড়ি ফেরেন তার বাবা সাজু মিয়া ও মা সেলিনা বেগম। আসামি লিটনের জামিনের প্রতিক্রিয়া জানতে চাইলে সেলিনা সোমবার বলেন, 'আমরা ভীত নই, বাড়িতে চৌকিদার পাহারায় আছে। আর মামলাও যেহেতু চলমান, তাই সুবিচারের আশা করছি।'
 
গত ২ অক্টোবর আওয়ামী লীগ এমপি লিটন চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভকে গুলি করেন বলে সাজু মিয়ার মামলায় বলা হয়েছে। শিশুকে গুলি করার অভিযোগ ওঠার পর এই আইন প্রণেতাকে গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সুন্দরগঞ্জে। কিছুদিন পালিয়ে থাকার পর ১৪ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন লিটন।
 
কয়েক দফা নাকচ হওয়ার পর সৌরভকে গুলির মামলায় রবিবার লিটনকে জামিন দেন গাইবান্ধা আমলি আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর প্রথমে বামনডাঙ্গার বাড়িতে যান লিটন। সংসদ অধিবেশনে যোগ দিতে তিনি রাতেই ঢাকা রওনা হন বলে তার স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি জানিয়েছেন।
 
জামিনের শুনানিতে এই সংসদ সদস্যের আইনজীবী বলেছিলেন, ঝুঁকির মধ্যে থেকে পিস্তল থেকে গুলি ছুড়লেও সৌরভকে লক্ষ্য করে তা করেননি লিটন।  সৌরভের বাবার মামলার একদিন পর গত ৪ নভেম্বর বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা হয় লিটনের বিরুদ্ধে। ওই মামলায় আগেই জামিন পান তিনি। সৌরভের বাবার মামলায় জামিন হলে তিন সপ্তাহ কারাবাসের পর মুক্তি পান লিটন। বিডি নিউজ।