রাজধানীর তুরাগে ছিনকারীদের হামলায় মো. মমিন হোসেন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। এ সময় মো. রাজ্জাক (৪৫) ও মো. আব্দুর রশিদ সরকার (৬০) নামের আরো দুইজন আহত হয়েছেন। মো. মমিন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন চুনাহাটি নামক এলাকার বাসিন্দা জামাল মল্লিকের ছেলে। আহতরাও রাজধানীর তুরাগ থানা এলাকার বাসিন্দা।
তুরাগ থানাধীন দৌঁড় পুলিশ চেকপোস্টের পাশেই সোমবার ভোর সকালে এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রাজ্জাক জানান, বিদেশগামী দুই ছেলেকে রাজধানীর হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে ভোর রাত চারটার দিকে সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে একটি বাসে উঠেন। এ সময় বাসের চালক, সহকারীসহ অজ্ঞাত ৮/৯ জন ছিনতাইকারী তাদের হাত ও চোখ বেঁধে ফেলে। পরে তাদেরকে মারধর করে নগদ চার হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তুরাগ থানাধীন দৌড় চেকপোস্টের পাশেই একটি ঝোপের মধ্যে ফেলে যায়। এ সময় ঘটনাস্থলেই মমিন মারা যান এবং পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে ছিনতাইকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।
