স্বামীর কবরে চির নিদ্রায় শায়িত আসমা কিবরিয়া

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ২০:৫৯
 
বনানী কবরস্থানে স্বামী সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার কবরে চির নিদ্রায় শায়িত হয়েছেন চিত্রশিল্পী আসমা কিবরিয়া। সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার ছেলে ড. রেজা কিবরিয়া জানান, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মায়ের 'হার্ট অ্যাটাক' হয়। এরপর ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বিকালে আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে আসমা কিবরিয়ার জানাজা হয়। সন্ধ্যায় বনানী কবরস্থান মসজিদে আরেক দফা জানাজার পর সেখানেই তার দাফন হয়। আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অনেকেই শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
 
বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশিষ্টজনরা আজাদ মসজিদে আসমা কিবরিয়ার জানাজায় অংশ নেন। তার দাফনের সময় সাংসদ দীপু মনিসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বজনরা বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন। বিডি নিউজ।