বরিশালে কিশোরকে দুদিন আটকে রেখে নির্যাতন, মামলা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ২১:৩৭
জেলার উজিরপুর উপজেলার হারতা দক্ষিণপাড় গ্রামে ভিমরুলের বাসায় ঢিল ছোঁড়ায় অভিযোগে এক কিশোরকে দুইদিন আটক রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
 
সোমবার সন্ধ্যায় পুলিশ নির্যাতিত কিশোরকে উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গ্রামের জয়নাল বেপারীর পুত্র প্রভাবশালী সেলিম বেপারীর বাড়ি সংলগ্ন স্থানে একটি ভিমরুলের বাসায় ঢিল ছোঁড়ে স্থানীয় কয়েকজন কিশোর। এ কারণে ওই দিন সন্ধ্যায় ওই গ্রামের দিনমজুর মেহের আলী হাওলাদারের পুত্র কিশোর শাহজালাল হাওলাদারকে (১৬) ধরে নিয়ে সেলিম নিজ বসত বাড়ির একটি কক্ষে আটক রেখে নির্যাতন করে। দুইদিন ধরে এ নির্যাতন চলে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
 
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম-পিপিএম জানান, শাহজালালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শাহজালালের মা হেনারা বেগম বাদী হয়ে মামলা করেছেন।