রাণীনগরে মাইক্রোবাস চালকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ০০:২৩

নওগাঁ থেকে ভাড়ায় যাওয়া নিখোঁজ মাইক্রোবাস চালক রহিদুল ইসলাম (৩০) মৃতদেহ জেলার রাণীনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দেউলিয়া গ্রামের ত্রিমোহনী খালে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় রহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনতাই করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহত রহিদুল ইসলাম ওরফে নবির নওগাঁ সদর উপজেলার আরজি-নওগাঁর উপ-শেরপুর মহল্লার মৃত আক্কাস আলীর ছেলে।
 
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শামছুল আলম জানান, রহিদুল নওগাঁ সদরের বাপ্পী শাহের মাইক্রোবাস ভাড়ায় চালাতেন। রবিবার রাত ১১টার দিকে বাপ্পী শাহের সঙ্গে সেল ফোনে সর্বশেষ রহিদুল ইসলামের কথা হয়। তখন বাপ্পী শাহকে রহিদুল জানান, রাণীনগর উপজেলার রেইল গেইট থেকে কয়েকজন যাত্রী ভাড়ায় নিয়ে ঢাকায় যাবেন। সে যাত্রীদের অপেক্ষায় আছেন। এরপর আর কোন কথা হয়নি। সোমবার সকাল থেকে রহিদুলের মোবাইল বন্ধ পাওয়া যায়। 
 
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুল্লাহ হিল জামান সোমবার জানান, আজ সন্ধ্যায় রাণীনগর উপজেলার দেউলিয়া গ্রামের ত্রিমোহনী খালে এক যুবকের মৃতদেহ দেখে  পেয়ে এলাকাবাসি থানায় সংবাদ দেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রহিদুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
 
ওসি (তদন্ত) আরো জানান, পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে মাইক্রোবাসটি ছিনতাই করে রহিদুল ইসলামের মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর হাত-পা বেঁধে ওই খালে ফেলে যাওয়া হয়েছে। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে জিন্সের প্যান্ট ও জিন্সের শার্ট ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।