চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় বখাটে যুবক ইমরান ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে তার পরিবার। ভিকটিম শিশুটিকে শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দুপুরে সদর উপজেলার দালাল বাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ইমরান চর রুহিতা ইউনিয়নের বাসিন্দা। সে দালাল বাজারের আমীরের ওয়ার্কশপে কাজ করতো বলে জানা যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ইমরানকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

ভিকটিমের মায়ের অভিযোগ, ঘটনার দিন প্রতিবেশী অন্য শিশুদের দিয়ে ইমরান চকলেট কিনে দেওয়ার প্রলোভনে ভিকটিম শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এ সময় ওই ওয়ার্কশপের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি চিত্কার দিয়ে রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাসায় ফিরে। এ ঘটনার বিচার দাবি করেন ভিকটিমের মা। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির চিকিত্সা চলছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ইমরানকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।