রাজশাহীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৭:১১
রাজশাহী মহানগরীর লিচুবাগান এলাকায় গৃহবধূ মোহতাজ পারভীন মৌকে (২০) নির্যাতনের পর হত্যার অভিযোগে তার স্বামী আনোয়ারুল ইসলাম রঞ্জুকে পুলিশ আটক করেছে।
 
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার ভোরে রঞ্জু মোবাইল ফোনে তার শাশুড়ি মলি আক্তারকে জানান গলায় ফাঁস দিয়ে মৌ আত্মহত্যা করেছে। তারা সেখানে গিয়ে মৌয়ের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পায়।
 
নিহতের পরিবারের অভিযোগ, দুই বছর আগে মৌয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী ও পরিবারের লোকজন মৌকে নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে প্রায়ই মৌ বাবার বাড়িতে চলে আসতেন।
 
মঙ্গলবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে মৌয়ের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ঘোষপাড়া এলাকায় সড়ক অবরোধ করে রাখে।
 
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। রঞ্জুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।