রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, চারজনের কারাদণ্ড

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৯:৩২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ঢাকা ও জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ।
 
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার শিক্ষার্থীকে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকী পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটকদের মধ্যে রাবি ও রুয়েটের শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে।
 
মঙ্গলবার ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ‘ই’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের শরীফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আহমেদ, বগুড়ার খান্দার এলাকার ফজলে রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী জামাল আহমেদ।
 
অসদুপায় অবলম্বনের অভিযোগে আটকরা হলেন, রাজশাহীর বাগমারার ফিরোজ হোসেন, রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বখতিয়ার হোসেন, রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদ আকতার সুমন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাব্বত হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
মঙ্গলবার সকাল নয়টা থেকে ১০ টা পর্যন্ত ‘ই’ ইউনিটের বিজোড়, সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একই ইউনিটের জোড় এবং দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ‘ডি’ ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটায় একই ইউনিটের জোড় রোল নম্বরের প্রার্থীদের   পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য, এবার বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের নয়টি ইউনিটে চার হাজার ১৪৮ টি আসনের বিপরীতে এক লাখ ৬০ হাজার ৬৮২ ভর্তিচ্ছু আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে লড়ছে ৩৪ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী ১২ নভেম্বর।