ভেড়ামারায় যৌতুকের দাবিতে গৃহবধুকে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৩

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২২:০৯
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে তাসলিমা (২৫) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুরসহ পরিবারের লোকজন। তাসলিমা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাল নারায়নপুর গ্রামের আবু তালেব শেখ এর মেয়ে।
 
মঙ্গলবার তাসলিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে শনিবার বিকাল চারটায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ মধ্যপাড়া গ্রামে যৌতুকের দাবিতে ওই গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরই মধ্যে সোমবার নিহতের বাবা আবু তালেব মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এরা হলেন, শ্বশুর নজরুল মালিথা, চাচা শ্বশুর আমিরুল মালিথা ও শামসু মালিথা। তবে প্রধান আসামি স্বামী আরিফুল মালিথা পলাতক রয়েছেন।
 
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আরিফুলতে গ্রেফতারে অভিযান চলছে।