মেহেরপুর গাংনী উপজেলার অলিনগরে ঢাকা থেকে মেহেরপুরগামী শ্যামলী ও ফাতেমা পরিবহনে ডাকাতি হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শ্যামলী পরিবহনের সুপারভাইজার মনিরুল ইসলাম জানান, শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-১১২৪) মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার অলিনগরে পৌঁছলে সেখানে সড়কের উপরে কয়েকটি গাছ দেখতে পান চালক। নিরুপায় হয়ে বাস থামলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত বাসের মধ্যে ঢুকে চালককে জিম্মি করে। অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল কেড়ে নেয়। এসময় ফাতেমা পরিবহনের একটি বাস একই পথে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা সেটিকেও জিম্মি করে। দুটি বাসের যাত্রীদের কাছ থেকে এক লাখ টাকার বেশি ও আনুমানিক ৪০টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।
এদিকে জোড়পুকুরিয়া গ্রামের মৃত আবুল খয়েরের ছেলে রমজান আলী নছিমন নিয়ে কুষ্টিয়ায় যাওয়ার পথে সেখানে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা তার নছিমন ছিনিয়ে নিতে গেলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রমজানকে কুপিয়ে রক্তাত্ব জখম করে ডাকাতরা। ডাকাতরা পালিয়ে গেলে স্থানীয়রা রমজানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান গাংনী হাসপাতালের আরএমও এমকে রেজা।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
