বাংলাদেশি গৃহবধূকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১১:৩৯
চুয়াডাঙ্গার কামারপাড়া সীমান্ত দিয়ে বুধবার ভোরে বিজিবির কাছে সাবানা (৪০) নামের বাংলাদেশি এক প্রতিবন্ধী গৃহবধূকে ফেরত দিয়েছে বিএসএফ। সাবানা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের কিতাব আলীর স্ত্রী। 
 
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশি কামারপাড়া সীমান্তে চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবির কামারপাড়া বিজিবি ক্যাম্প কমাণ্ডার ও ভারতীয় ১১৩-বিএসএফের গোবিন্দপুর ক্যাম্প কমাণ্ডারের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্তে বাংলাদেশি প্রতিবন্ধী সাবানাকে দেশে ফেরত পাঠানো হয়। 
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে ওই প্রতিবন্ধী সাবানা কলাগাছের ভেলায় চড়ে সীমান্তের মেইন পিলার ৮২ সংলগ্ন  নদী পেরিয়ে ভারতের ১০০ গজ অভ্যন্তরে চলে যায়। এ অবস্থায় সীমান্তের ভারতীয় অংশে কর্তব্যরত বিএসএফ জোয়ানরা সাবানাকে নদী থেকে উদ্ধার করে। ওই রাতেই পতাকা বৈঠকের পর প্রতিবন্ধী গৃহবধু সাবিনাকে ফেরত দেয় বিএসএফ।