নওগাঁর সাপাহার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মাসুদ রানা (১৮) নামের বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত মাসুদ রানাকে উদ্ধার করে বুধবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদ রানা উপজেলার করমুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামসহ স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে ৮-১০ গরু ব্যবসায়ী ভারতে যান গরু আনতে। গরু নিয়ে বুধবার ভোর রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্তের ২৪০ নং পিলারের কাছ দিয়ে দেশে ফিরে আসার সময় তাদের ওপর ভারতীয় অভ্যন্তরে ভারতের ৩১ বিএসএফের তালতলী ক্যাম্পের জোয়ানরা কয়েকটি রাউন্ড গুলি ছুড়ে। এতে গরু ব্যবসায়ী মাসুদ রানা আহত হলে তাদের সঙ্গে থাকা ১৫-১৬টি গরু ছেড়ে দিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে সকালে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি-১৪ পত্নীতলার অধিনায়ক লে. কর্ণেল রফিকুল হাসান দাবি করেন, হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে কয়েকজন যুবক ভারতে যান। ভোর রাতে দেশে ফেরার সময় বাংলাদেশি সীমান্তের ভারতের একশ’ গজ অভ্যন্তরে ভারতীয় ৩১ বিএসএফের তালতলী ক্যাম্পের জোয়ানরা হাত বোমা নিক্ষেপ করে। এতে মাসুদ রানা আহত হয়েছেন। তবে গুলিতে আহত হয়েছেন কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
