গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৩:২৬
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে  ছোট ভাই মো. নবাব আলী (৪৫) মারা যান। এঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়। বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নবাব আলী ওই গ্রামের কলম উদ্দিনের ছেলে। 
 
এ ঘটনায় পুলিশ ৩ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। তারা এখন সাদুল্লাপুর থানা হাজতে আছেন। আহত ইউনুস আলী (৩৫) ও জাহিদ মিয়াকে (৩০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের কলম উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৫৫), তার স্ত্রী বেবী বেগম (৫০), তার তিন মেয়ে মাজেদা বেগম (৩৮), মোজমা বেগম (৩২), নাজমা বেগম (২৫) ও মেয়ে জামাই সাদেকুল ইসলাম (৩০)। 
 
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, দীর্ঘদিন থেকে নিহত নবাব আলী বিরোধপূর্ণ ওই ৮ শতক জমি ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি তার বড় ভাই আব্দুল মতিন মিয়া ওই জমির মালিকানা দাবি করে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। ঘটনার দিন বুধবার সকালে আব্দুল মতিন মিয়া সাদুল্লাপুর থেকে ভাড়াটিয়া বাহিনী নিয়ে গিয়ে ওই জমির ধান কাটতে শুরু করে। খবর পেয়ে নবাব আলী ও তার লোকজন বাঁধা দেয়। এতে দুই পক্ষের সংর্ঘষ হয়। এক পর্যায়ে আব্দুল মতিন ও তার ভাড়াটিয়া বাহিনী নবাব আলীকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলে মারা যান নবাব আলী। এছাড়া সংঘর্ষে আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 
  
তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের দুই হাতের আঙ্গুল, হাটুর নিচে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। এ ঘটনায় নিহতের বড় ভাই অব্দুল মতিনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত নবাব আলীর পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।