ঢাবি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শিমুল (১৭)। গতকাল শনিবার সকালে দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের সহকর্মী আব্দুল গনি জানান, শিববাড়ি এলাকায় নির্মাণাধীন ১৬ তলা টাওয়ার ভবনে তারা কাজ করছিলেন। সকাল ৯টার দিকে শিমুল অসাবধানতায় নিচে পড়ে যান। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত শিমুলের বাড়ি রংপুর সদর উপজেলা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিমুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।