মৌচাকের আনারকলি মার্কেটে আগুন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:২৩

রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মার্কেটের চতুর্থ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশেপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, মার্কেটের চতুর্থ তলায় বাবুল বেডিং নামে লেপ তোষকের একটি গোডাউন রয়েছে। এর আশেপাশের কয়েকটি দোকানে তুলা, ফোম এবং ফাইবার জাতীয় পোশাকের মজুদ ছিল। গতকাল বিকালে বাবুল বেডিং নামক ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর আশেপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মোবাইল সামগ্রীর একটি দোকানসহ লেপ তোষকের ৪টি দোকান পুড়ে গেছে।