লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এতে স্বর্ণালংকারসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে দিয়ে যায় ডাকাতরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ডাকাতদের অস্ত্রের আঘাতে সাংবাদিক ফারুক হোসেনের মাসহ উভয় বাড়ির ৫ জন আহত হন।
স্থানীয় সুত্রে জানা যায়, মুখোশধারী ১০-১৫ জনের ডাকাতদল সিরুন্দী গ্রামে সাংবাদিক ফারুক হোসেনের বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬০ হাজার, ৮ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইলসহ ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাদের অস্ত্রের আগাতে ফারুক হোসেনের মা সাফিয়া খাতুন আহত হন।
অপরদিকে ডাকাতদল রাত ৩টার দিকে একই ইউপির উত্তর হানুবাইশ দত্তের বাড়ির প্রবাসী শহিদ উল্যার ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে ঘরের সবাইকে এক রুমে জিম্মি করে নগদ দেড় লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ৭টি মোবাইলসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে সাহেনারা বেগম (৪৮), শহিদুল ইসলাম (৬০), লিপি বেগম (৩৪), মেহেজাবিন আক্তার (১২) আহত হন।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া জানান, ডাকাতির ঘটনা শুনে পুলিশের টহলদল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তের পর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
