সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যানের জামিন মঞ্জুর

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৭:৪২
 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের (বিএনপি সমর্থিত) চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সির জামিন মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধার পলাশবাড়ী আমলী আদালতে বিচারক মো. ওয়াহেদুজ্জামান সরকার বুধবার দুপুরে তার জামিন আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন।
 
আদালতের পুলিশ পরিদর্শক এ কে এম এনামুল করিম জানান, বিগত ২০১৪ সালের ০৩ নভেম্বর পলাশবাড়ী থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় জেলা কারাগারে থাকা সাইদুর রহমানের জামিনের জন্য বুধবার সকালে পলাশবাড়ী আমলী আদালতে আবেদন করা হয়। শুনানী শেষে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। এসময় আদালতে সাইদুর রহমান উপস্থিত ছিলেন না।
 
সাইদুর রহমানের আইনজীবি আব্দুল হালিম প্রমাণিক জানান, জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছিলে তিনি কারাগার থেকে মুক্ত হতে পারবেন।
 
এরআগে, সাইদুর রহমান মুন্সি সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব হত্যাচেষ্টা মামলায় গত ২ নভেম্বর সাদুল্লাপুর আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক মো. মনিরুজ্জামান শিকদার তার জামিন মঞ্জুর করেন। এরপর আদালতের কোর্ট হাজত থেকে রাত সাড়ে ৭টার দিকে বের হয়ে আদালতের সামনের সড়কে এলে তাকে নাশকতার মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে।