দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মিশন বাজার মোড় থেকে দুই লাখ ১০হাজার টাকার জালনোটসহ আলতাফ হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে বুধবার বিকালে এক অভিযানে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে এক হাজার টাকার ২১০টি জালনোট উদ্ধার করা হয়। আলতাফ হোসেন ওই উপজেলার মোমিনপুর ইউনিয়নের পূর্ব মোমিনপুর হজরতপুর গ্রামের আহসান উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আলতাফের বিরুদ্ধে মামলা দায়ের করে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকালে র্যাব-১৩ একই দলটি নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর এলাকার শুটকিবাজার মোড় থেকে এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ সুধির চন্দ্র শীল (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছিল। আটককৃত সুধির দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের দোয়ানিয়াপাড়া গ্রামের মৃত উপেন চন্দ্র শীলের ছেলে। তাকে সৈয়দপুর থানায় মামলার মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
