সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে বিদেশি অতিথি ও পর্যটকদের গতিবিধিতে বিশেষ নজরদারি করছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কেন্দ্রসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, ঢাকায় ইতালি ও রংপুরে জাপানি নাগরিক হত্যা, হোসনি দালানে তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরনের ঘটনায় গোটা দেশে বিশেষ নজরদারি ও পুলিশি টহল বৃদ্ধি করে আইন-শৃংখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় সৈয়দপুরের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রেলওয়ে কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কেন্দ্র, অমুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও বিদেশি দাতা সংস্থা পরিচালিত এনজিওগুলোতে বিশেষ নজরদারি করছে পুলিশ।
সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাজেদুর রহমান জানান, প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দরে তিনটি ফ্লাইট ওঠানামা করছে। এসব বিমানের বেশিভাগ যাত্রী বিদেশি। এছাড়া বৃহত্তর রংপুর- দিনাজপুর অঞ্চলের ভিআইপিদের প্রদান রুট হচ্ছে এই বিমানবন্দর। নানা কারণে বিমানবন্দরে পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়। একজন হাবিলদারের নেতৃত্বে ১৫ জন কনস্টেবল সার্বক্ষণিক কাজ করছে। একই সঙ্গে অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে বলে তিনি জানান।
