পাকিস্তানে কয়েকশ ‘ভূতুড়ে স্কুলে’ অর্থায়ন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এসব স্কুলে কর্মরত ৪৫০ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে এ ধরণের স্কুলের খোঁজ পাওয়া গেছে।
প্রাদেশিক শিক্ষা সচিব আব্দুল সবুর জানান, ৬৫০ টি ভূতুড়ে স্কুল চিহ্নিত করে সেগুলোতে অর্থায়ন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ৪৫০ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা কোন স্কুলে পড়াতেন না। অথচ বেতন নিতেন।
তিনি বলেন, এগুলোর বেশিরভাগেরই অস্তিত্ব কাগজে কলমে রয়েছে। এছাড়া কিছু স্কুল আছে পরিত্যক্ত অবস্থায়। সেখানে না আছে শিক্ষক, না আছে শিক্ষার্থী।
প্রাদেশিক শিক্ষামন্ত্রী রাজা মোহাম্মদ ব্রাইচ এর সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষ আরো কয়েকশ স্কুল ও শিক্ষককে চিহ্নিত করেছে যাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।
তিনি বলেন, ‘শিক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা এসব ভূতুড়ে স্কুল ও অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছি। এসব শিক্ষকদের বেশিরভাগই অতীতে রাজনৈতিক কারণে নিয়োগ পেয়েছিলেন।’
এদিকে প্রদেশে এ ধরণের স্কুলের বিরুদ্ধে অভিযান শুরু করার অঙ্গীকার করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
-বাসস
