কাহারোলে প্রতিমা ভাঙচুর, বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৩:৩৭
 
দিনাজপুরের কাহারোলে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চারজন জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কালির হাট নামক স্থানের উত্তর মহেশপুর সিংরা কালীমন্দিরে এই হামলার ঘটনা ঘটে। কাহারোল থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
আহতরা হলেন- আষাঢ়ু (৬৫), ধুনাই (৬০), রঞ্জিত কুমার রায় (৫০), ননী গোপাল দেবশর্মা (৪০)। চারজনের মধ্যে তিনজন দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
 
এলাকাবাসী, মন্দির কমিটি ও প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে কালীমন্দির প্রাঙ্গণে স্থানীয় পালাগান চলাকালীন সময় ১০/১২ জন দুবৃর্ত্ত মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথা ভাঙচুর করে। এসময় তারা  প্রতিমার সাথে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ ও আনুমানিক ১০ কেজি রুপার অলঙ্কার লুট করে। পালিয়ে যাওয়ার সময় তারা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপালে চারজন আহত হন।
 
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, ডি,আই,ও-ওয়ান মোঃ রবিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ ও ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত্ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কাহারোল থানার ওসি মোঃ আব্দুল মজিদ।