কুমিল্লার ছাত্রলীগ নেতা জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে মারধরের মামলায় বুধবার গভীর রাতে তাকে নগরীর দৌলতপুর এলাকা থেকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
জালাল উদ্দিন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার আদর্শ সদর উপজেলার বলরামপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় লিবার্টি সিনেমা হল মোড়ে কোতয়ালী মডেল থানার পিএসআই সুকান্ত সাহাসহ পুলিশ চা খাওয়ার জন্য আসেন। এ সময় ছাত্রলীগ নেতা জালালও ওই দোকানে তার সহকর্মীদের নিয়ে চা খেতে আসেন। আগে-পরে চা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে জালাল পিএসআই সুকান্তের মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে আহত পিএসআই সুকান্তকে হাসপাতালে নেয়ার পর তার মাথায় সেলাইসহ চিকিত্সা দেয়া হয়। এ ঘটনায় জালালসহ ১০-১৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতয়ালী মডেল থানার এসআই সামছুদ্দিন জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
