চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা রেলষ্টেশন এলাকায় রেলওয়ের জায়গা থেকে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রেলের তিন একর জায়গা দখলমুক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ, চট্টগ্রাম রেলওয়ের সহকারী প্রকৌশলী আওলাদ হোসেন, মোহাম্মদ হোসেন জুয়েল, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারী প্রমুখ।
চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, 'প্রধানমন্ত্রী ঘোষিত চট্টগ্রাম-কক্সবাজারের গুমধুম ডেমু ট্রেন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদের আগে দখলকারীদের একের পর এক নোটিশ দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি তারা। প্রকল্প বাস্তবায়নের স্বার্থে তাদের উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৩ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কিছুদিনের মধ্যে পটিয়া রেল স্টেশন, মোজাফফরাবাদ, বিজিসি ট্রাস্ট এলাকাসহ উপজেলার সব অবৈধ দখল উচ্ছেদ অভিযান করা হবে।'
