নাশকতা ঠেকাতে এবং অপরাধীদের সহজে চিহ্নিত করতে রাজশাহী মহানগরীকে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। পুলিশ এরই মধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে তা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানোর প্রক্রিয়া হাতে নিয়েছে।প্রস্তাবনা অনুমোদিত ও বাস্তবায়িত হলে নগরীর ২৫ টি পয়েন্টে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পাঁচটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আরো ২০ টি ক্যামেরা স্থাপনের জন্য প্রস্তাবনা তৈরি হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে মহানগর পুলিশের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে।IMG0
আরো জানা গেছে, মহানগর পুলিশের উদ্যোগে নগরীর সাহেব বাজার সোনাদিঘীর মোড়, কামরুজ্জামান চত্বর, শালবাগান ও লক্ষীপুর এলাকায় পাঁচটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আরো ২০ টি ক্যামেরা স্থাপনে প্রায় কোটি টাকা ব্যয় হবে বলেও ওই প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বিনোদপুর, তালাইমারী, নিউমার্কেট, আরডিএ মার্কেট, বাটার মোড়, কোর্ট বাজার, লোকনাথ স্কুল মার্কেট মোড়সহ আরো অন্তত ২০ টি স্থানে সিসি ক্যামেরা স্থাপনের জন্য একটি প্রস্তাবনা তৈরি করেছে মহানগর পুলিশ।
মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
