নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারিভাবে মার্কেটিং করার কারণে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) এর দক্ষ নাবিকদের কর্মক্ষেত্র আরো প্রসারিত হচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুরের ওশেন ট্যাংকার কোম্পানি তাদের জাহাজবহরে এনএমআই প্রশিক্ষিত নাবিকদের নিয়োগের কোটা শতকরা ৪.৫ ভাগ থেকে ১৫ ভাগে উন্নীত করেছে।
বৃহস্পতিবার চট্টগ্রামে এনএমআই চট্টগ্রাম শাখার ১৫ তম ব্যাচ ও মাদারীপুর শাখার চতুর্থ ব্যাচ প্রি সী র্যাটিংগসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
নৌপরিবহন মন্ত্রী বলেন, নাবিকদের কর্মসংস্থানে সরকারি উদ্যোগ গ্রহণ করায় সম্প্রতি বিভিন্ন দেশের পাঁচটি জাহাজ কোম্পানির প্রতিনিধি এনএমআই পরিদর্শন করেছেন। কিছুদিনের মধ্যে ইরান ও ইরাকে মার্কেটিং এর উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে।
