নীলফামারী সদর উপজেলায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই তরুনী বাদী হয়ে মামলা করেছেন। হিন্দু ধর্মালম্বী এই তরুণী জলঢাকা উপজেলার শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জেলা সদর উপজেলার উত্তরা ইপিজেডের ভ্যানচুরা ব্যাগ তৈরির শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ওই তরুণী একই উপজেলার সোনারায় বাবুরহাট এলাকায় একটি ভাড়া ঘরে থাকতেন। বুধবার রাত নয়টার দিকে কারখানার অতিরিক্ত কাজ শেষে ওই তরুণী পাশের কারখানায় কর্মরত মিলনের সঙ্গে ঘরে ফিরছিলেন। তারা এলাকার বাবুরহাট পৌঁছালে তিনজন বখাটে তাদের পথরোধ করে। এ সময় মিলনকে কিলঘুষি ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় ওই তিন বখাটে। এরপর ওই তরুণীকে জোরপূর্বক একটি লিচুবাগানে নিয়ে গিয়ে ওই তিন যুবক গণধর্ষণের পর পালিয়ে যায়। তার চিৎকারে পথচারী দুই ব্যক্তি তাকে উদ্ধার করে এলাকাবাসীর সহায়তায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
