অনলাইন স্কুল পরিদর্শন করলেন ব্রিটিশ হাই কমিশনার

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৯:৫৯
 
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন রাজধানীর রায়েরবাজারে অনলাইন স্কুল শিক্ষক কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তিনি জাগো ফাইন্ডেশনের শিক্ষার্থী এবং ইয়ুথ উইং ভলান্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের সঙ্গে চমৎকার কিছু সময় কাটিয়েছেন।
 
ব্রিটিশ হাই কমিশনার জাগো ফাউন্ডেশনের রায়েরবাজার স্কুল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে অংশ নেন। কেজি ওয়ানের শিক্ষার্থীরা তাকে মজার মজার ছড়া আবৃত্তি করে শোনান। এ ছাড়া, তিনি শিক্ষার্থীদের সংগ্রামের কথাও শোনেন।
 
IMG0
রায়েরবাজারে বসে তিনি শত শত মাইল দূরে অবস্থিত রাজশাহী অনলাইন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া, টিচার্স সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। ব্রিটিশ হাই কমিশনার জাগো ফাউন্ডেশনে যে ২ জন শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তাদেরও সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি ভলান্টিয়ার উইং ভলান্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় ভলান্টিয়াররা তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
 
আলোচনায় অংশ নিয়ে ব্রিটিশ হাই কমিশনার বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা। জাগো ফাউন্ডেশন যা করছেন, তা ভবিষ্যৎ প্রজন্মকে অনেক দূর নিয়ে যাবে। কারণ, তারা শিক্ষা এবং শেখানোর ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।
 
IMG1
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ বলেন, ব্রিটিশ হাই কমিশনার শুরু থেকেই আমাদের বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন, ভলান্টিয়ারদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি চলে যাচ্ছেন, আমরা মিস করব আমাদের একজন পথপ্রদর্শককে, তার আর্শীবাদ সব সময়ই আমাদের সাথে থাকবে।
 
পরিদর্শনকালে ব্রিটিশ হাই কমিশনার অনলাইন স্কুলের ধারণার বিষয়ে গভীর উৎসাহ প্রকাশ করেন।
 
উল্লেখ্য, অনলাইন স্কুল একটি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, যা ভিডিও কনফারেন্স প্রযুক্তি ব্যবহার করে শহুরে শিক্ষকরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাদান করে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১০টি অনলাইন স্কুল আছে, যেখানে প্রায় ৭০০ জন শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষাগ্রহণ করছেন।