পিরোজপুরের কাউখালী উপজেলায় অপহৃত হওয়ার তিনদিন পরও এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মায়ের পাঁচজনকে আসামি করে করা মামলায় বুধবার রাতে হাছিব সরদার নামে একজনকে পিরোজপুর থেকে আটক করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার উপজেলার শির্ষা গ্রামের রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণীর ওই ছাত্রী (১৪) পাশ্ববর্তী ধাবরী গ্রামে চাচার বাড়িতে যাচ্ছিল। এ সময় জেলা সদরের আজীম সরদারসহ (২৪) চার যুবক দুটি মোটরসাইকেলে করে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরের দিন বুধবার সকালে আসামিরা মোবাইলে ওই ছাত্রীর প্রবাসী পিতার ফোন নম্বরে ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে।
