রংপুরে আওয়ামী লীগ নেতা হত্যা: ২দিনেও চিহ্নিত হয়নি খুনিরা

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ২১:৪৭
জেলার কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ঔষধ ব্যবসায়ী রহমত আলীর (৬৫) হত্যায় জড়িতদের পুলিশ দুইদিনেও চিহ্নিত করতে পারেনি। এ ঘটনার মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটকের পর গ্রেফতার দেখিয়েছে।
 
কাউনিয়া থানা পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে গ্রেফতার জামায়াত নেতা টেপামধুপুর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম (৩৫) ও মোর্শেদকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘হত্যাকাণ্ডটি পরিকল্পিত। হত্যার কারণ কী, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে মাজার শরীফে দরবার পরিচালনা ও ওরশ মাহফিলকে ঘিরে মাজারবিরোধীরা এই খুনের ঘটনা ঘটিয়েছে বলেই নিহতের পরিবার দাবি করছে।’
 
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো রহস্য উন্মোচন হয়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে অভিযান চলছে।
 
উল্লেখ, মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমস্কুর গ্রামের ঔষধ ব্যবসায়ী ও মাজার শরীফের পীর রহমত আলী চৈতার মোড়ে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে গলা কেটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।