বাসে উঠতে না দেয়ায় হেলপারকে ছুরিকাঘাত

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ২২:৩৬
বগুড়া শহরে যাত্রীবাহী একটি বাসের হেলপারকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঘটনার শিকার হেলপার বেনজীর (২২) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুরের বাসিন্দা।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের বহনকারী বাসটি জেলা সদরের চাঁদমুহা হাট এলাকায় পৌঁছালে দুই যুবক বাসটিতে উঠতে চায়। এতে বেনজীর বাধা দিলে ওই দুই যুবক বাস থেকে তাকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্থান ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
 
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজীউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এটি কোনো রাজনৈতিক সংঘাত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।