নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে ঢাকার উত্তরার র্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জে আনা হয়।
জুমার নামাজের পর হোসেনকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার খন্দকার মোহিদ উদ্দিন।
এ উপলক্ষে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
র্যাবের হেফাজতে সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র্যাব-১ কার্যালয়ে আনা হয়। তাকে নিয়ে আসা গাড়িটির সঙ্গে ছিল আরও চারটি গাড়ি।
বৃহস্পতিবার রাত ১১টা ২০মিনিটের দিকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।
