সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার চান্দাকোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে গোলাম রব্বানী (৪২) ও পাবনা জেলার ত্রিপুলিয়া এলাকার লুৎফর রহমানের ছেলে প্রাইভেটকার চালক বেল্লাল হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। প্রাইভেটকারটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ওভারব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ও এক যাত্রী নিহত হন। খবর পেয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে যান চলাচল প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।
