নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাগরিবের নামাজ আদায়কালে সেজদারত এক খাদেমকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গুরুতর জখম হাসনাইন (৬০) উপজেলায় অবস্থানরত ‘হাতিখানা স্মরণীয় কারবালার’ খাদেম।
শুক্রবার জুম্মার নামাজের পর আহলে সুন্নত ওয়াল জামায়াতের ডাকে মিছিলটি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বরে মিলিত হয়ে সমাবেশ করে।
এতে হাজি আজহার সুলতান, ইসলামি ছাত্রসেনার সভাপতি সৈয়দ আসিফ আশরাফি, গোলাহাট জামে মসজিদের ইমাম মমিনুল ইসলাম, আহলে সুন্নত ওয়াল জামায়াত সদস্য হাফেজ রেজওয়ান, হাজী নূর উদ্দিন, মিছিলের নেতৃত্বদানকারী প্রজম্মলীগের পৃষ্ঠপোষক ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিটলার চৌধুরী ভলু প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে শুক্রবার পুলিশ হাতিখানা এলাকার বাসিন্দা পাপ্পু (২৮) নামে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, পাপ্পুকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। প্রকৃত অপরাধীকে ধরার জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলায় অবস্থানরত ‘হাতিখানা স্মরণীয় কারবালার’ খাদেম হাসনাইন (৬০) ওই দরগায় মাগরিবের নামাজ আদায় করছিলেন। এ সময় পেছন থেকে দুষ্কৃতিকারীরা তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী ও দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছিলেন। এদিন রাতে এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা হয়।
