‘এদেশে যারা মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের হত্যা করা হচ্ছে। এসব হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’
শুক্রবার দুপুরে নীলফামারী শহীদ মিনারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য রাজনীতি করে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এমন কোনো আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না যাতে সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়।’
মন্ত্রী আরো বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছিলো। তারা উন্নয়ন না করে লুটপাট, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের রাজত্ব কায়েম করেছিলো। সেখান থেকে দেশকে বাঁচাতে শেখ হাসিনা দেশের হাল ধরেছিলেন। এখন দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধি ফিরে আসছে। সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমরা এখন পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় এবং ধান উৎপাদনে ষষ্ঠ অবস্থানে রয়েছি।’
এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র বর্ধণ বাপী। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক এবং জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলীমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীদ মাহমুদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
